২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রল বোমাসহ ১০ শিবিরকর্মী আটক

রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ি থেকে পেট্রল বোমাসহ ১০ শিবিরকর্মী আটক হয়েছে, যারা ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শুক্রবার সকালে কল্যাণপুর শহীদ মিনার রোডের ১৫ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মিরপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার কল্যাণপুরের ইবনে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পুলিশ ভ্যানে আগুন দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ভিডিও ফুটেজ দেখে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর নাশকতার ঘটনায় জড়িতদের ধরতে শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

ওসি সালাহ উদ্দিন বলেন, “ছয়তলা ওই ভবনটির পাঁচতলা থেকে এসময় দুটি পেট্রল বোমা, ১০টি হাতবোমা ও জামায়াত-শিবিরের সাংগঠনিক বিভিন্ন বইপুস্তকসহ প্রশিক্ষণের নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে শিবিরের মাসিক চাঁদা আদায়ের রসিদ, প্রচুর জিহাদি বই ও ল্যাপটপ।

তিনি বলেন, বড় পরিসরের ওই বাসার তিনটি কক্ষে কয়েকটি সাদা অ্যাপ্রন ঝুলতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসাটির দেয়ালে শিবিরের ক্যালেন্ডার ঝুলছে। বাড়ির মেঝেতে ছড়িয়ে আছে দীর্ঘদিন ধরে জমানো ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকা।

তিনটি কক্ষের এ বাড়ির দুটি কক্ষে ছিল কম্পিউটার, পড়ার টেবিলে গ্রেপ্তারদের কয়েকজনের পরিচয়পত্র, পাশে শিবিরের ‘সাথী কর্মশালার’ রুটিন।

বাড়িতে ঢুকতেই দেখা যায়, দেয়ালে একটি সাদা বোর্ড ঝোলানো।

পুলিশের মিরপুর বিভাগের কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, এর সাহায্যে নিয়মিত শিবির কর্মীরা তাদের দলীয় কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ।

আটককৃতরা হলেন- শরীফুল ইসলাম, কুতুব শিকদার, ইব্রাহিম খলিল, লিয়াকত আলী, সালেহ আহমদ, আনিসুর রহমান, ইমন সরকার, রবিউল আলম, আবদুল্লাহ আল মামুন, সেলিম ভুঁইয়া।

পুলিশ বলছে, ইবনে সিনা মেডিকেল কলেজের এই শিক্ষার্থীদের ব্যবহৃত মেসবাড়িটি আসলে শিবিরের প্রশিক্ষণ কেন্দ্র।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগরে রিকুটমেন্টসহ শিবিরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণসহ নাশকতা সৃষ্টির মহাপরিকল্পনা করা হতো এই বাসা থেকে।

উপকমিশনার ইমতিয়াজ জানান, ওই বাসা থেকে পুরো ঢাকায় শিবিরের নাশকতা পরিচালনা করা হতো বলে আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। একইসঙ্গে সদস্য সংগ্রহ, চাঁদা তোলা, ককটেল তৈরি ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হতো।

তবে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ ন ম জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তার প্রতিষ্ঠানের কেউ কোন ধরনের নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত না।

তিনি জানান, গত কয়েকদিন ধরে তার হাসপাতাল এলাকাতে একটি পুলিশের ভাড়া করা গাড়ি থাকতো। পুলিশ সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোন ধরনের আলোচনা ছাড়াই সেটি রাখতেন।

বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবক হাসপাতাল এলাকাতে ঢুকে গাড়িটিতে আগুন দেয়।

“আমার বিশ্বাস আমার কোন ছাত্র বোমা বানায় না। তাদের উপর দোষ চাপানো হচ্ছে।”

পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাদের হয়রানি করছে অভিযোগ করে তিনি বলেন, “আমার দশ ছাত্র যদি নির্দোষ থাকে তবে একাডেমিক সভায় তাদের মুক্তির ব্যাপারে কথা বলবো।”

গ্রেপ্তারদের অভিভাবকদের এখানো কিছু জানানো হয়নি বলে জানান ডা. আ ন ম জাহাঙ্গীর আলম।