শিল্পী মুর্তজা বশীরের অবস্থার ‘উন্নতি’
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া চিত্রশিল্পী মুর্তজা বশীরের অবস্থার উন্নতি হয়েছে। তবে তাকে আরো কিছুদিন হাসপাতালেই থাকতে হবে।
শিল্পীর বড় মেয়ে মুনিরা বশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা মূলত ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডাক্তার বলেছেন তার ফুসফুসের সমস্যা অনেকখানি রিকভার করেছে। এখন তিনি ভালো আছেন।”
প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় গত ২২ নভেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মুর্তজা বশীরকে। অবস্থা গুরুতর হওয়ার পর তাকে করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়।
১১দিন সেখানে চিকিৎসার পর গত মঙ্গলবার শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়।
মুনীরা বলেন, “ফুসফুসের সমস্যার কারণে বাকি জীবন তাকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাইপাস মেশিনের মাধ্যমে অক্সিজেন নিতে হবে। ডাক্তার বলেছেন তার পালস রেট সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে।”
হাঁটাচলা শুরুর সামর্থ্য হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হবে বলেও জানান তিনি।
মুর্তজা বশীর দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন।
বিমূর্ত বাস্তবতা ঘরানার চিত্রকলার অন্যতম পথিকৃৎ শিল্পী মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’ ছাড়াও অনেক উল্লেখযোগ্য চিত্রমালা রয়েছে।
‘রক্তাক্ত ২১শে’ শিরোনামে ভাষা আন্দোলন নিয়ে ‘লিনোকাট’ মাধ্যমে এঁকেছেন প্রথম ছবি। পেইন্টিং ছাড়াও ম্যুরাল,ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেছেন।
‘টাটকা রক্তের ক্ষীণরেখা’ শিরোনামে বইতে নিজের লেখা কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন।
১৯৭৯ সালে প্রকাশিত হয়েছে তার লেখা বিখ্যাত উপন্যাস ‘আলট্রামেরিন’। মুদ্রা ও শিলালিপি নিয়েও গবেষণা করেছেন তিনি।
