গাজীপুরে আ. লীগ সাংসদের বাড়িতে আগুন
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্রুতই তা নিভিয়ে ফেলায় কেউ হতাহত হয়নি।
বুধবার ভোররাত ৪টার দিকে গাজীপুর শহরে সাংসদের বাসার বারান্দায় কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয় বলে পুলিশ জানায়।
জয়দেবপুর থানার এএসআই ফৌজিয়া বলেন, “গাজীপুর-১ আসনের সংসদ সদস্যের শহরের বাসার বারান্দার চারিদিকে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সাংসদের স্ত্রী নামাজ পড়তে উঠে আগুন দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।”
রাতে সংসদ সদস্য গাজীপুরের এ বাসায় ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
খবর পেয়ে সকালে গাজীপুর ছুটে যান তিনি।
মোজাম্মেল হক বলেন, “ভোর রাতে নাশকতাকারীরা আমার বাসার সামনের বারান্দায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।”
