‘গাড়ি না চললে সংসার চলে না’
টানা অবরোধ ও হরতালে গাড়ি না চললে বিপাকে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। দিনভিত্তিক মজুরি হওয়ায় গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্ধ হয়ে যায় তাদের আয়ের চাকাও।
অবরোধ, হরতালে দেশের অন্যান্য খাতের মতো পরিবহন খাতেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে।
বাংলাদেশ পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলমান রাজনৈতিক অবস্থায় পুরো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবহন খাত তার বাইরে নয়।
“অবরোধ-হরতাল হলে আমরা আতংকগ্রস্ত হয়ে পড়ি। হরতালে গাড়ি না চললে আর্থিক ক্ষতি হয়। সেইসঙ্গে পিকেটাররা গাড়ি ভাংচুর করে।”
ঈগল পরিবহনের স্বত্ত্বাধিকারী পবিত্র কাপুড়িয়া বলেন, “আমাদের দেড়শ পরিবহন আছে। প্রতিটি গাড়ি একবার ঢাকা আপ ডাউন করলে খরচ বাদে আয় হয় ১০/১২ হাজার টাকা। এ হিসাবে হরতালের কারণে তার ১৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।”
যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, যশোরে ৯টি বাস শ্রমিক ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নে প্রায় ৩০/৩৫ হাজার শ্রমিক কাজ করে।
“এসব শ্রমিক দিন আনে দিন খায়। গাড়ি না চললে তাদের সংসার চলে না।”
এ শ্রমিক নেতা জানান, প্রতি ট্রিপে একজন চালক পান ৫শ থেকে ৬শ টাকা। আর সুপারভাইজার ও সহকারী পান ২/৩শ টাকা।
“এ টাকা দিয়েই তারা স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ করে থাকেন। তারা কাজ না করলে কোনো আয় নেই; অর্থাৎ নো ওয়ার্ক নো পে। কাজ করলে মজুরি পাবেন, না করলে পাবেন না।”
ফাইল ছবি
যশোর মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ মণ্ডল জানান, এ সমিতিসহ যশোরে মোট ৯টি বাস মালিক সমিতি রয়েছে। দূরপাল্লার ছাড়াও যশোর থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে প্রায় ১৫/ ১৬শ বাস চলাচল করে।
তিনি বলেন, আন্তঃজেলা বাস থেকে প্রতি ট্রিপে খরচ-খরচা বাদে মালিকরা পায় দেড় থেকে দুই হাজার টাকা। দূরপাল্লার বাস থেকে পায় ৩ থেকে ৪ হাজার টাকা।
এ হিসাবে গত ২০ দিনের অবরোধ ও হরতালে বাস মালিকদের প্রায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এছাড়াও হরতালে বাস চালাতে গিয়ে অনেক স্থানে হরতালকারীরা বাস ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। কখনো কখনো চালকের গায়েও আগুন দেয়।
যশোর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, এ সমিতির অধীনে ১৫/১৬শ মালিকের প্রায় ৫ হাজার ট্রাক আছে। ট্রিপ প্রতি একটি ট্রাক থেকে প্রতিদিন একজন মালিক খরচ-খরচা বাদে পান আড়াই থেকে তিন হাজার টাকা।
তিনি বলেন, এ হিসাবে ২০ দিনের অবরোধ-হরতালে ট্রাক চলাচল করতে না পারায় মালিকদের আথির্ক ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি টাকা
যশোর জেলা মটর ওয়াকার্স অ্যাসোসিয়েশনের (ট্রাক শ্রমিক সংগঠন) কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনু জানান, এ সমিতিতে প্রায় ৭ হাজার শ্রমিক আছেন। এদের প্রত্যেকে দৈনিক আয় করেন ৬শ থেকে ১৫শ টাকা। অবরোধ আর হরতালে তাদের দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে।
ঈগল পরিবহনের যশোরের গাড়িখানার কাউন্টারের ম্যানেজার মানিক সাহা জানান, হরতালের কারণে আয় করতে না পেরে পরিবার পরিজন নিয়ে তাদের উপোস থাকতে হয়, অথবা ধার করে সংসার চালাতে হয়।
