বেতন না পেয়ে ব্যাংকে চবি কর্মচারীদের তালা
নির্ধারিত তারিখে বেতন না পাওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় তালা লাগিয়ে দিযেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
মঙ্গলবার বেলা ১২টায় বিক্ষুব্ধ কর্মচারীরা তালা লাগানোর পর বেলা ২টায় তারা আবার তা খুলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে চবি ক্যাম্পাসের অগ্রণী ব্যাংক শাখায় বেতনের টাকা তুলতে যান কর্মচারীরা।
বিক্ষুদ্ধ কর্মচারীরা ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে ফটকে তালা লাগিয়ে দেয়।
চবি কর্মচারী সমিতির সভাপতি মো. মশিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিমাসের ১ তারিখে বেতনের টাকা দেয়া হয়। কিন্তু আজ গিয়েও কর্মচারীরা বেতন পায়নি।
“এতে তারা ক্ষুব্ধ হয়ে ব্যাংকে তালা লাগিয়ে দেয়। পরে তালা খুলে দেয়া হয়েছে।”
চবি’র তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা প্রায় এক হাজার সাতশ। তাদের মোট বেতনের পরিমাণ প্রায় চার কোটি টাকা।
