চট্টগ্রামে ডোবায় দুধ ঢেলে অবরোধের প্রতিবাদ
বিরোধী দলীয় জোটের ডাকা টানা অবরোধে দুধ বিক্রি করতে না পেরে ডোবায় ফেলে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের খামারিরা।
মঙ্গলবার চট্টগ্রাম জেলার পশ্চিম পটিয়ায় শতাধিক দুগ্ধ খামারি এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে চার হাজার লিটার দুধ ডোবায় ঢালা হয়েছে বলে দাবি জানিয়েছেন স্থানীয় দুগ্ধ খামারিদের সংগঠন পশ্চিম পটিয়া কর্ণফুলী ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধের কারণে পশ্চিম পটিয়ার প্রায় পাঁচ শতাধিক দুগ্ধ খামারির দৈনিক ২৮ লাখ টাকা ক্ষতি হচ্ছে।
“সবগুলো দুগ্ধ খামার মিলে দৈনিক প্রায় ৪৫ হাজার লিটার দুধ উৎপাদন হয়। এর মধ্যে দৈনিক সাড়ে সাত হাজার লিটার দুধ কেনে রাষ্ট্রায়ত্ত দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মিল্কভিটা।
``আর বাকি দুধ নগরীর বিভিন্ন মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়।”
তিনি জানান, অবরোধের কারণে গত শনিবার থেকে মিল্কভিটা তাদের কাছ থেকে দুধ নেয়া বন্ধ রেখেছে।
অবরোধে পরিবহণ বন্ধ থাকায় মিল্ক ভিটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত দুধ কিনবে না বলে তাদের জানিয়েছে।
নাজিম বলেন, একই কারণে নগরীর মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতেও তারা দুধ সরবরাহ করতে পারছেন না।
কর্মসূচি চলাকালে হরতাল ও অবরোধে দুগ্ধ শিল্পকে আওতামুক্ত রাখার দাবি জানান খামারিরা।
