চট্টগ্রামে ককটেলের স্প্লিন্টারে শিশু আহত
চট্টগ্রামে বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে ককটেলের স্প্লিন্টারে আহত হয়েছে এক শিশু।
মঙ্গলবার সকালে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশু মিন্নাত হোসেন বেলালের (৭) বাম চোখ ও কপালে স্প্লিন্টারের আঘাত লেগেছে। সে স্থানীয় কাজীর দীঘি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
বেলাল সরাইপাড়ার বাসিন্দা মমতাজ উদ্দিনের ছেলে। চার ভাই, এক বোনের মধ্যে সে সবার ছোট।
বিরোধীদলের হরতাল-অবরোধের মতো কর্মসূচি ও এর পর বিভিন্ন স্থানেই হাতবোমা বিস্ফোরণে শিশুদের আহত হতে দেখা গেছে।
গত ৫ নভেম্বর চট্টগ্রামে খেলার সময় কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরিত হয়ে আহত হয় দুই শিশু। এছাড়া ৩০ নভেম্বর বাঁশখালীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়।
মঙ্গলবার স্প্লিন্টারে আহত বেলালের বড় ভাই মোহাম্মদ সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে তাদের বাসার সামনের রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
ফাইল ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বেলালকে হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে বেলালের ভাই সোহাগ জানান, বুধবার তার বাম চোখে অস্ত্রোপচার করা হবে।
তবে ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান।
