২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সহিংসতার শিকার শিশুরা: ইউনিসেফের উদ্বেগ

দেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন শিশুর প্রাণহানি ও দলগুলোর বিক্ষোভে শিশুদের ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 08:21 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

মঙ্গলবার এক বিবৃতিতে শিশুদের সহিংসতা ও বাধামুক্ত পরিবেশে জীবনযাপন নিশ্চিত করতে সব দলের প্রতি আহ্বান জানান সংস্থাটির প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ।

তিনি বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময়ের মতো চরম অনিশ্চিত সময়ে শিশুদের আবাস, পারিপার্শ্বিক পরিবেশ ও বিদ্যালয়কে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রাখা দরকার। সব দেশে রাজনৈতিক কোলাহল থেকে শিশুদের নিরাপদে রাখতে হবে।

গত কয়েক সপ্তাহে দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন শিশু হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শিশুদেরকে স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখাসহ নায্য অধিকার ভোগ করার সুযোগ দিতে হবে। তাদের বাধাহীনভাবে মৌলিক সামাজিক সেবা দিতে হবে।

“এই সেবাদানের দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদেরও সহিংসতা থেকে নিরাপদে রাখতে হবে, যাতে তারা শিশুদের প্রতি দায়িত্ব বা কর্তব্য পালনে কোনো ভয় বা বাধার সম্মুখীন না হন।”

বিবৃতিতে শিশুদেরকে সব ধরণের সংঘাত-সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির আহ্বান জানানো হয়।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের গত কয়েক সপ্তাহে কয়েক দফায় টানা তিন দিনের হরতালের সময় আগুনে পুড়ে ও বোমা বিস্ফোরণে অন্তত দুই শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া বোমার আঘাতে ও আগুনে বেশ কয়েকজন শিশুর শরীর ঝলসে যায়।

এর মধ্যে এক দফায় ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের শুরুর দিন ৪ নভেম্বর সকালে গাজীপুরে একটি কাভার্ড ভ্যানে হরতাল সমর্থকদের দেয়া আগুনে পুড়ে মারা যায় মনির হোসেন (১৪)।

এর আগের দফায় টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন ২৮ অক্টোবর চাঁদপুরে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয় মোহাম্মদ আরজু (১৬)।

পুরনো খবর:

চাঁদপুরে কিশোর নিহত, মঙ্গল ও বুধবার হরতাল
মনিরের বাড়িতে শোকের মাতম, হত্যাকারীদের শাস্তি দাবি
ঢাকা দেখা হল, বাড়ি ফেরা হল না মনিরের