২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কিশোর নিহত, মঙ্গল ও বুধবার হরতাল

হরতালে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে এক কিশোরের মৃত্যুর ঘটনায় মঙ্গল ও বুধবার চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার দুপুরে জেলা ছাত্রদল আয়োজিত এক সাংবাদ সম্মেলন জেলায় এই হরতালের ঘোষণা দেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েল।

সংবাদ সম্মেলনে আরজুকে ছাত্রদলের কর্মী বলে দাবি করেন তিনি।

সকালে চাঁদপুরের পুরানবাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে  নিহত মোহাম্মদ আরজু (১৬) শহরের পুরানবাজার এলাকার মকবুল হোসেনের ছেলে।

এ ঘটনার পর চাঁদপুর পৌর এলাকায়  ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুন্নবী মাসুম বলেন, আরজু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পুরানবাজারের নতুন রাস্তা এলাকায় পিকেটিংয়ের সময় হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ বাধে।

দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায় এবং পাশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে নির্বিচারে ভাংচুর চালায়। পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

এসময় প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষে আহত হন দুইপক্ষের অর্ধশতাধিক কর্মী।

পরে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ সুপার আমীর জাফর জানান, আহতদের মধ্যে মোহাম্মদ আরজুকে সদর হাসপাতলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা, সমবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।