২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পড়ে থাকা বোমা হাতে নিতেই বিস্ফোরণ, দুই শিশু আহত

রাজধানীতে কুড়িয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার শাহীনবাগের এই ঘটনায় আহত শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত শিশু দুটি হল লোকমান (১৪) এবং তোফাজ্জল (১২)। বিস্ফোরণে তোফাজ্জলের দুই হাত এবং লোকমানের ডান হাত ঝলসে গেছে।

সিভিল এভিয়েশন স্টাফ কলোনির জামাল হোসেনের ছেলে তোফাজ্জল সিভিল এভিয়েশন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। লোকমান ওই এলাকার বাসিন্দা পোশাক শ্রমিক রত্না বেগমের ছেলে।

দুপুরে বিস্ফোরণের পরপরই শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান, কলোনির মাঠের পাশে লাল টেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে তুলে তোফাজ্জল নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। ওই সময় তার সঙ্গে থাকা লোকমানও আহত হয়।

লোকমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে। তোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলের চিকিৎসক আবেদ হোসেন সাংবাদিকদের বলেন, “লোকমানের আবস্থা কিছুটা ভাল। তবে তোফাজ্জলের ডান হাত অকেজো হয়ে পড়তে পারে।”

বিরোধী দলের হরতাল কর্মসূচিকে ঘিরে গত কয়েক সপ্তাহজুড়ে রাজধানীসহ দেশেজুড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। চট্টগ্রামে এভাবে কুড়িয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণ ঘটে আহত হয় দুটি শিশু।

হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় গাজীপুরে এক শিশু মারা গেছে। বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় শিশুদের এই হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।    

পুরনো খবর:

বল ভেবে ককটেল নিয়ে ‘খেলতে গিয়ে’ ২ শিশু রক্তাক্ত
বন্দর নগরীতে যত্রতত্র মিলছে বোমা, ফাটছেও
রাজনৈতিক সহিংসতার শিকার শিশুরা: ইউনিসেফের উদ্বেগ