২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেয়রের বাড়ি লক্ষ্য করে হাতবোমা

বিরোধী দলের অবরোধের মধ্যে চট্টগ্রামের মেয়র বিএনপি নেতা এম মনজুর আলমের বাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

নগরীর উত্তর কাট্টলিতে একই সীমানায় পাশাপাশি বাড়িতে মেয়রের ভাই আবু তাহেরের বাড়ি রয়েছে। তাহেরের ছেলে দিদারুল আলম সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনে এবার আওয়ামী লীগের টিকিটে প্রার্থী হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোড়া ওই বোমা দুই বাড়ির মাঝামাঝিতে বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এতে কেউ হতাহত হয়নি।

মেয়রের মেজ ছেলে সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা আমাদের বাড়ির উঠোন এবং তাদের (তাহেরর) বাড়ির ছাদ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।”

বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

আকবর শাহ থানার ওসি আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরে থেকে কে বা কারা বোমা ছুড়ে মেরেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

মনজুর আলম ২০১০ সালে মেয়র নিার্বচনের আগ পর্যন্ত আওয়ামী লীগে যুক্ত ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেও দলীয় কর্মকাণ্ডে ততটা সক্রিয় নন।

মেয়রের ভাইপো দিদার সোমবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে রাত ৯টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস এলাকা থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার এএসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্কিট হাউস এলাকার ভেতর থেকে টেপ মোড়ানো হাতবোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এটি পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।