নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের পেশাজীবীদের মানববন্ধন
অবরোধের নামে দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের পেশাজীবীরা।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনে এই প্রতিবাদ জানায় পেশাজীবী সমন্বয় পরিষদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ।
মানববন্ধনে সাংসদ নূরুল ইসলাম বিএসসি বলেন, “দেশের সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা একাত্তরে ফিরে গেছি।”
বর্তমান অবস্থাকে যুদ্ধকালীন অবস্থার সাথে তুলনা করে তিনি বলেন, “যে যুদ্ধ শুরু হয়েছে তাতে জয়ী হলেই আমরা ২০১৪-তে পা দিতে পারবো। আর পরাজিত হলে ফের একাত্তরে ফিরে যেতে হবে।”
সমাবেশে সভাপতির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, “আন্দোলন সবার সাংবিধানিক অধিকার। তবে গাড়ি ভাঙা, আগুনে পুড়িয়ে মানুষ মারা ও রেল লাইন উপড়ে ফেলা কোনো আন্দোলন নয়। এটা সন্ত্রাস।”
‘এই সন্ত্রাস সাধারণ মানুষের বিরুদ্ধে হচ্ছে’ মন্তব্য করে এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম সভাপতি ড. একিউএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশন (বিএমএ) চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন হোসাইন কবির, চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সভাপতি আবু সুফিয়ান, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী ও অর্থ সম্পাদক সুকান্ত ভট্টাচায্য, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার।
