‘আমাগো দেহনের সময় কি হ্যাগো আছে’
সকাল সাতটা থেকে আজমপুর বাসস্ট্যান্ডের নিচে কাজের আশায় দাঁড়িয়ে ছিলেন মজিবুর রহমান। পেশায় দিনমজুর। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও কোন কাজ মেলেনি| আশঙ্কায় ভুগছেন, কাজ না পেলে পরিবার নিয় না খেয়েই কাটিয়ে দিতে হবে পুরো দিন।
“বাজান, অবরোধ হরতালে কেউ কাম দেয় না। কাম না পাইলে ঘরে চুলাও জ্বলে না। কি করমু বাবা, পেটের জ্বালা, বড় জ্বালা” বিমর্ষ মুখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন মজিবুর।
রাজনীতিবীদদের উপরে অনেক ক্ষোভ তার।
“হেরার তো খাওনের চিন্তা নাই। আমরা গরীব মানুষ, আমাগো দেহনের সময় কি হ্যাগো আছে নাকি। হেরা যদি চিন্তা করতো, তাইলে তো আমগো এ অবস্থা হইতো না।”
একই অবস্থায় পড়েছেন ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা আব্দুর রাজ্জাক। কাজ না পেয়ে তিনিও ফুটপাতে কোদাল আর ঝুড়ি নিয়ে বসে ছিলেন।
“মাটি কাটার কাজ করি। অবরোধ হরতালে মানুষ কাজ করাতে চায় না। তাই কোন কাজ থাকে না। এরপরেও আসলাম যদি কাজ পাই।”
নির্বাচনকালীন সরকার ব্যাবস্থা নিয়ে সরকার ও বিরোধীদলের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ায় হরতাল ও অবরোধ দিয়েছে বিরোধী দল। এসব অবরোধে সহিংস ঘটনায় মারাও গেছেন অনেকে, যাদের বেশিরভাগই কোন রাজনৈতিক দলে সম্পৃক্ত নন।
নাটোর থেকে ভাগ্য পরিবর্তনের জন্য ঢাকায় এসেছেন দিনমজুর মিজানুর।
তিনি জানান, দিনমজুরের কাজ করে তিনশ থেকে সাড়ে তিনশ টাকা পাওয়া যায়। এটি দিয়েই মূলত সংসার চলে। কিন্তু গত কয়েকমাসের রাজনৈতিক সহিংসতার কারণে রোজগারের একমাত্র পথটি প্রায় বন্ধ।
টঙ্গী থেকে আসা মনোয়ার বলেন, “টাকার অভাবে ঘরভাড়াও দিতে পারছি না। খুব অশান্তিতে আছি। আমি রাজনীতি বুঝি না, কিন্তু এ অবস্থা থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।”
একই রকম মন্তব্য করেন শেরপুরের মজিবর ও সুনামগঞ্জের শহীদ।
