সীতাকুণ্ডে অবৈধ জাহাজ কাটার সময় আটক
দুই বছর আগে দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা একটি পরিত্যক্ত জাহাজ সীতাকুণ্ড উপকূলের ইয়ার্ডে কাটার সময় আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের কর্মকর্তারা সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় অবস্থিত আহমেদ মোস্তফা স্টিল ইন্ডাস্ট্রিজ নামক ইয়ার্ডে অবস্থিত এমভি সুইফট ক্রো নামের জাহাজটি আটক করে।
২০১১ সালে মেরামতের জন্য সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে আনা হলেও পরবর্তীতে এটি ‘স্ক্র্যাপ’ হিসেবে অনুমতি ছাড়াই ইয়ার্ডে এনে কাটার চেষ্টা করে।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের জাহাজটি অবৈধভাবে ২০১১ সালে কোন প্রকার শুল্ক প্রদান ছাড়াই ইয়ার্ডে নিয়ে আসা হয়। সে সময় জাহাজটির পাওনা নিয়ে একাধিক মামলা হয়।
এই ঘটনায় শুল্ক ও মূসক ফাঁকির জন্য পৃথক দুটি মামলা করা হচ্ছে জানিয়ে মুকুল বলেন, জাহাজ কাটা বন্ধ রাখার বিষয়টি তদারকি করতে স্থানীয় ফৌজদারহাট মূসক কর্মকর্তা ও থানাকে অবহিত করা হয়েছে।
অধিদপ্তরের অপর সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, এমভি সুইফট ক্রো জাহাজিটর দাম প্রায় পাঁচ কোটি টাকা। মালিকপক্ষ থেকে শুল্ক কর বাবদ এক কোটি ৫৫ লাখ টাকা পাওনা রয়েছে।
