চট্টগ্রামে হরতাল-অবরোধে ভাংচুর, বোমাবাজি
পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া এবং ভাংচুরের মধ্যে দিয়ে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।
নগরীর সাগরিকা, অলংকার মোড়, একে খান মোড়, চান্দগাঁও ও আতুরার ডিপো এলাকায় এসব ঘটনা ঘটে।
এদিন পুলিশ সাতজনকে গ্রেপ্তার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
সকাল সাড়ে ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানা এলাকায় শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে এবং ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে শিবির ও বিএনপিকর্মীরা সাগরিকা, অলংকার, একে খান মোড়ে কমপক্ষে অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এছাড়া ইস্পাহানি রেল গেইট এলাকায় রেল লাইনের দুইপাশে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন দেড় ঘণ্টা আটকে থাকে।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেল লাইনে প্রতিবন্ধকতা তৈরি করায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পাহাড়তলী রেল স্টেশনে আটকা পড়ে।
এসময় বিএনপি ও শিবিরকর্মীরা রেল লাইনের দুই পাশ থেকে হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
পরে সাগরিকা মোড় এলাকায় শিবির ও বিএনপিকর্মীরা বিভিন্ন অলি গলি থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এসময় পুলিশও তাদের লক্ষ্য করে টিয়ার সেল ও ফাঁকা গুলি বর্ষণ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পিকেটারদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড শটগানের গুলি ও সাত রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় সাগরিকা মোড় থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে।
এদিকে সকালে চান্দগাঁও এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ।
এছাড়া বিকাল ৪টার দিকে আতুরার ডিপো এলাকায়ও বিএনপি ও শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
