২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দর এলাকায় হাসপাতাল তৈরির আহ্বান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বার্ন ইউনিটসহ একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) আহ্বান জানিয়েছেন বিমানমন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 05:29 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

রোববার শাহজালাল বিমানবন্দরে বিমান দুর্ঘটনা মহড়া অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী রুহুল আমিন হাওলাদার বলেন, “বেবিচক এ বিষয়ে উদ্যোগ নিলে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে উদ্যোগ বাস্তবায়নের ব্যবস্থা করা হবে।”

“যে কোন বিমানবন্দরের নিরাপত্তা ও দুর্ঘটনা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি কারণ এটির সাথে দেশের ভাবমূর্তি জড়িত। দুর্ঘটনা ব্যবস্থাপনায় আমরা অনেকদূর এগিয়ে এসেছি। কিন্তু আরো আধুনিকায়ন প্রয়োজন।”

এর আগে, বেলা পৌনে ১১টায় বিমানবন্দরে অনুষ্ঠিত হয় বিমান দুর্ঘটনা মহড়া। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) নিয়ম অনুসারে যে কোন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি দুই বছর পর পর এ মহড়া অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

দুর্ঘটনা মহড়ায় একটি বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ দুর্ঘটনায় পড়লে কীভাবে অগ্নি নির্বাপণ ও আহত যাত্রীদের উদ্ধার করা হবে সে বিষয়ে অনুশীলন চালানো হয়।

অনুশীলন চলাকালীন সময়ে প্রায় ১৫ মিনিটের জন্য বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়।

অনুশীলনে অংশ নেয় সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিমানবাহিনীর অগ্নি নির্বাপক দল ও রেসকিউ হেলিকপ্টার, নৌ বাহিনীর ডুবুরিদল ও সেনাবাহিনীর উদ্ধারযান।

এছাড়া জরুরি চিকিৎসা কাজে অংশ নেয় বাংলাদেশ হেলথ সার্ভিসসহ কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদল।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন অনুষ্ঠানে জানান, ৫ মাস আগে চট্রগ্রামে একই ধরনের মহড়া অনুষ্ঠিত হয় এবং আগামী এপ্রিলে সিলেটেও মহড়া অনুষ্ঠিত হবে।

“সাধারণত বিমানবন্দরে ২২ থেকে ২৪ টি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে। এ ধরনের জরুরি অবস্থায় সবগুলো সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করতে হয়।”