২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল-মান্নার সঙ্গে জুটলো সিপিবি-বাসদ

‘একতরফা নির্বাচন’ ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি’ গড়ে তোলার ডাক দিয়ে রাজধানীতে সম্মিলিতভাবে বিক্ষোভ সমাবেশ ও সাদা পতাকা মিছিল করেছে চারটি রাজনৈতিক দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 11:45 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সম্মিলিত সমাবেশ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম ও নাগরিক ঐক্য এই ডাক দেয়।  

‘একতরফা নির্বাচন নয়, সন্ত্রাস করে ঠেকানো নয়’ স্লোগানে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সাদা পতাকা মিছিল ও সমাবেশের কর্মসূচি ছিলো নাগরিক ঐক্য ও গণফোরামের।

অন্যদিকে ‘হরতাল-অবরোধের নামে বোমাবাজি, সন্ত্রাস ও ধ্বংসাত্মক তত্পরতা বন্ধ এবং সকলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন’-এর দাবিতে একই এলাকায় বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ছিলো সিপিবি ও বাসদের।

অনুষ্ঠানস্থলে এসে উভয়পক্ষ একসঙ্গে কর্মসূচি পালনে সিদ্ধান্ত নেয়।

সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “গাড়িতে আগুন দিয়ে মানুষকে পোড়ানো হচ্ছে। বিএনপি ও আওয়ামী লীগ এর জন্য একে অপরের শীর্ষ নেতৃত্বের উপর দোষ চাপাচ্ছে। উভয় দলই সত্য কথা বলছে। আসলে এই ঘটনার জন্য উভয়েই দায়ী।”

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি জামায়াত-শিবির উল্লেখ করে সিপিবি সভাপতি বলেন, “সরকার পুলিশ ঢুকিয়ে বিএনপির দপ্তর থেকে নেতাদেরকে গ্রেপ্তার করছে। দিনে দুপুরে তাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে। কিন্তু একইভাবে জামায়াত নেতাদেরকে গ্রেপ্তার করছে না কেন?”

সেলিম বলেন, “আমরা চাই সকলের অংশগ্রহণমূলক নির্বাচন। সকলের অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আমরা জামায়াত ছাড়া সকলের অংশগ্রহণমূলক নির্বাচন বুঝাচ্ছি। জামায়াতকে আমরা রাজনৈতিক দল মনে করি না।”

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, “আমরা ১৬ কোটি মানুষ এ দেশের মালিক। যারা আমাদের নাম নিয়ে ক্ষমতায় গিয়ে আমাদের সম্পদ লুটপাট করে তাদেরকে বলতে চাই, সেদিন ভুলে যাও। ঐক্যবদ্ধ হয়ে আমরা বুঝিয়ে দেবো, প্রহসনের দিন শেষ।”

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “চর দখলের মতো একদল ক্ষমতা ছাড়বে না। আরেক দল দখল নিবেই। কিন্তু এই দখলদারিত্বের মাঝে বিনা কারণে মরছে সাধারণ মানুষ।”

তিনি বলেন, “সামরিক শাসন, ওয়ান ইলেভেন, সামরিক-বেসামরিক স্বৈরতন্ত্র ইত্যাদির মাধ্যমে দেশের সমস্যার সমাধান হতে পারে না। রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সামাধান করতে হবে।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “নির্বাচনের সময় এগিয়ে আসছে। আর অনেক মানুষ জ্বলতে জ্বলতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দুই নেত্রীকে বলছি, আপনারা মায়ের জাতি আসুন দেখুন, মানুষের মৃত্যু যন্ত্রণা কেমন?”

রাজনৈতিকভাবে এই সংকট সৃষ্টির জন্য সরকারকেই দায়ী করে মান্না বলেন, “যে সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ চলছে, তা সমাধান না করলে দেশের মানুষ সমাধান করবে।“

সমাবেশে সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, “জাতির দুঃসময়ে বিবেক জাগাতে আমরা এখানে এসেছি। আমরা দুটি বিষয় চাই, শান্তি ও গণতন্ত্র।

“আমরা মনে করি, শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সরকার সে সব ব্যবস্থা নিবে। আমরা কারো পক্ষে এখানে হাজির হইনি। মানুষের আবেগের কথা বলতে এসেছি।”

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এখান থেকে মাত্র ১০০ গজ দূরে মানুষ আর্তনাদ করছে। তাদের পক্ষে কথা বলতে আমরা এখানে এসেছি।”

পরে শহীদ মিনারে এক সঙ্গে সমাবেশ করে তারা একটি মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যায়।