চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বোমা বিস্ফোরণ
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন জামালখান সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
হাতবোমা বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় যান চলাচল কমে যায়।
প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রেসক্লাবের সামনের সড়কের অপর পাশ থেকে প্রেসক্লাব লক্ষ্য করে ককটেলগুলো ছুড়ে মারা হয়।
“এগুলো বিকট শব্দে সড়কের ওপরই বিস্ফোরিত হয়।”
এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
