সালাহউদ্দিনের কক্সবাজারের বাড়িতে পুলিশ
রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর দলের মুখপাত্রের দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের কক্সবাজারের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে পেকুয়া থানা পুলিশের একটি দল সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে যায় বলে তার ভাতিজা ছফুয়ানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বর্তমানে পেকুয়া আসনের সংসদ সদস্য। তার স্বামীর বাড়ি পেকুয়ার সিকদারপাড়া গ্রামে।
করিম বলেন, “বেলা ১১ টার দিকে একদল পুলিশ সাঈদ মঞ্জিলে (বাড়ির নাম) আসে। বাড়ির ভেতরে ঘোরাফেরা করে আবার চলে যায়।”
সালাহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)।
কে এই তল্লাশি জানতে চাইলে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, সালাহউদ্দিন বাড়িতে আছেন কি না, তা ‘ওপরের নির্দেশে’ দেখতে গিয়েছিলেন তারা।
