গ্রেপ্তারে আন্দোলন দমবে না: বিএনপি
রুহুল কবির রিজভীকে আটকের নিন্দা জানিয়ে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন,দমননীতির মাধ্যমে নির্দলীয় সরকারের চলমান আন্দোলন স্তব্ধ করা যাবে না।
টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি শুরুর পর শনিবার সকালে সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন যুগ্মমহাসচিব রিজভীকে আটকের পর বিএনপির মুখপাত্রের দায়িত্ব নেয়া সাবেক এই সংসদ সদস্য।
সালাহউদ্দিন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার বর্বরভাবে দমনীতির মাধ্যমে আন্দোলনকে স্তব্ধ করার জন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। রাতের অন্ধকারে বিএনপি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধভাবে ঢুকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে, কার্যালয় ভাংচুর চালিয়েছে।
“দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে পুলিশের এই বর্বরতায় আওয়ামী লীগের পুরনো সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এ ধরনের অবৈধ কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি।”
গত মে মাসে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেড় শতাধিক নেতা-কমীকে গ্রেপ্তারের বিষয়টিও মনে করিয়ে দেন সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)।
নির্দলীয় সরকারের দাবিতে ৭১ ঘণ্টা অবরোধে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করার ২৪ ঘণ্টার মধ্যে এবার আটক হলেন রিজভী। ফখরুল ও রিজভীর সঙ্গে সালাহউদ্দিনকেও আসামি করা হয়েছে।
ভোরে রিজভীকে আটকের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেতা-কর্মীশূন্য। হাতে গোনা কয়েকজন অফিসকর্মী ছাড়া আর কেউই নেই। প্রধান ফটক ভেতর থেকে তালা দিয়ে রাখা হয়েছে।
রিজভীর সঙ্গে গত কয়েকদিন ধরে কার্যালয়ে থাকা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকেও আটক করেছে পুলিশ।
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন; আছে সাঁজোয়া যান, জলকামানের গাড়ি ও প্রিজন ভ্যান।
সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “একতরফাভাবে নির্বাচন করতে সরকার সারাদেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জড়াচ্ছে।”
দমনপীড়ন উপেক্ষা করে অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে সারাদেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুগ্মমহাসচিব বলেন, “কোনো স্বৈরাচারই দমন নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকতে পারেনি।
“এই সরকারের পতনও অনিবার্য। বেশি দিন দেরি নয়, জনগণের কাছে তাদের পরাজয় ঘটবেই।”
