২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রীপুর উপজেলার এমসি বাজার মুলাইদ এলাকার মনিকা ফ্যাশন ও সোয়েটার লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 01:49 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে কারখানার চেয়ারম্যান মোফাজ্জল হোসেন (৫০) আহত হয়েছেন। তাকে মাওনা-চৌরাস্তা এ কে মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অর্ধশতাধিক লোকের একটি দল ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে মিছিল নিয়ে কারখানায় প্রথমে ইট নিক্ষেপ করে। পরে তারা কারখানার ভেতরে ঢুকে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।

কারখানার চেয়ারম্যানের ভাতিজা মো. আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, স্থানীয় সফিক মোড়লের নেতৃত্বে একদল লোক কারখানায় অগ্নিসংযোগ ও চেয়ারম্যানের ওপর হামলা চালায়।

তবে সফিক মোড়ল সাংবাদিকদের বলেছেন, তিনি বা তার কোনো লোকজন ঘটনাস্থলেই যায়নি। ষড়যন্ত্র করে তাকে অভিযুক্ত করা হচ্ছে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, দুর্বৃত্তরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার দরজার পর্দায় অগ্নিসংযোগ ও জানালার কয়েকটি গ্লাস ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।

অন্যদিকে রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকার নিউ নবটেক্স নামের কারখানায় অতিরিক্ত তাপ থেকে (ওভারহিট) স্ট্যান্ডার্ড মেশিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার লোকজনই তা নিভিয়ে ফেলে বলে জানান টঙ্গী ফায়ার স্টেশনের অফিসার মো. জাকির হোসেন।