২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই সাংসদসহ ১২শ বিরোধী নেতাকর্মী আসামি

অবরোধে সংঘর্ষের ঘটনায় বরিশালে বিএনপির দুই সাংসদসহ ১৮ দলীয় জোটের ১২শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানায় মামলাটি দায়ের করেন এসআই মোস্তাফিজুর রহমান।

মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে করা হয়েছে। বাকি আসামিরা অজ্ঞাতনামা।

বিমান বন্দর থানার ওসি মো. শহীদউল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে সমাবেশ করে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন করা, জনসাধারণের যানমালের ক্ষতি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার, উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর জামায়াতে ইসলামীর আমির মোয়াযযম হোসাইন হেলাল, মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুস, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন খানকে মামলায় আসামি করা হয়েছে।

সোমবার ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাক্ষান করে সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধের ডাক দেয় ১৮ দলীয় জোট। শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত কর্মসূচি চলবে বলে বিরোধী দলীয় নেতারা ঘোষণা করেছেন।

তফসিল ঘোষণার পর বিরোধী দলের সহিংসতায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের কার্যালয়, নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় ও যানবাহনে ভাংচুর এবং আগুন দিয়েছে অবরোধকারীরা।

অবরোধের দ্বিতীয় দিনে বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশসহ ২০/২৫ জন নেতাকর্মী আহত হন।

অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২১ রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি এবং ১৬ রাউন্ড টিয়ার সেল ছোড়ে।