ফিসপ্লেট খুলে ফেলায় লালমনিরহাটে ট্রেন বন্ধ
অবরোধের তৃতীয় দিনে লালমনিরহাটের মহেন্দ্রনগরে ফিসপ্লেট খুলে ফেলায় লালমনিরহাট-পার্বতিপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই অবরোধকারীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মহেন্দ্রনগরের স্টেশন মাস্টার ওমর আলী জানান, অবরোধকারীরা স্টেশনের কাছেই লাইনের ফিসপ্লেট খুলে রেখে যায়। ফলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে।
লাইন বন্ধ থাকায় জেলার তিনটি স্টেশনে পাঁচটি লোকাল ট্রেন আটকা পড়েছে। পার্বতীপুর থেকে দিনাজপুরগামী তিনটি ট্রেন লালমনিরহাট স্টেশনে, বুড়িমারি থেকে দিনাজপুরগামী একটি ট্রেন মহেন্দ্রনগরে স্টেশনে এবং লালমনিরহাটগামী আরেকটি ট্রেন কিউনিয়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।
এদিকে মহেন্দ্রনগর এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে হয়েছে পুলিশকে।
সদর থানার ওসি জমির উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহেন্দ্রনগরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এদিকে রেল স্টেশনের কাছে ‘আসীমউদ্দিন স্ট্যান্ডার্ড কিন্ডার গার্টেন’ নামে একটি স্কুলে বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ‘পিকেটার’ মনে করে লাঠিপেটা করেছে পুলিশ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোফজ্জল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে স্কুলের সামনে জড়ো হওয়া আভিভাবকদের পেটানো শুরু করে পুলিশ।
এতে শফিকুল ইসলাম নামে এক অভিভাবক মাথায় আঘাত পেয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
