২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাম্মেলকেও বাঁচানো গেল না

বিরোধী দলের অবরোধের আগুনে দগ্ধ লেগুনা চালক মোজাম্মেল হোসেন (১৯) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 08:58 AM

Updated : 25 Apr 2022, 07:35 PM

বুধবার রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, অবরোধের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবরোধকারীরা পেট্রোল ঢেলে একটি লেগুনায় আগুন দেয়। এতে গুরুতর আহত হন চালক মোজাম্মেল। 

পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আসলাম শিকদার জানান, মোজাম্মেলের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

এর আগে মঙ্গলবার খিলগাঁও তিলপাপাড়ায় অবরোধকারীদের ছোড়া বোমায় আহত ন্যাশনাল ব্যাংক কর্মচারী আনোয়ারা বেগম (৪৫)। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ নিয়ে ১৮ দলের অবরোধের মধ্যে রাজধানীতে দুজনের মৃত্যু হলো।