২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিংকুর জামিন নাকচ, কুমিল্লায় আদালতে ভাংচুর

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ছোটভাই ও আইনজীবী নেতা কাইয়ুমুল হক রিংকুকে জামিন না দেয়ায় আদালতে ভাংচুর করেছে তার সমর্থকরা। এ সময় তাদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন এক বিচারক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার সকালে কুমিল্ল ১ নম্বর আমলী আদালতে এ ভাংচুরের ঘটনা ঘটে।

কাইয়ুমুল হক রিংকু জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের নিজ বাসা থেকে রিংকুকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সকালে রিংকুকে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হয়।

১নং আমলী আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু জামিন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ আদেশে বিক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা ইটপাটকেল ছুড়ে আদালতের কাচের জানালা ভাংচুর করে। এ সময় তাদের ছোড়াইটের আঘাতে আরেকটি আদালতের খাস কামরায় বসা স্পেশাল জজ (দুর্নীতি দমন) ও জেলা জজ আবুল হোসেন বেপারী আহত হন।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সদস্যরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রিংকুর মুক্তির দাবি করেন।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুস সাদাত বলেন, জামিন না মঞ্জুর হওয়ায় আইনজীবীরা বিক্ষোভ করেছেন। তবে ভাংচুর কারা করেছে তা তিনি জানেন না।

ভাংচুরের পর জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।