২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিগঞ্জে সংঘর্ষে ইউপি সদস্য নিহত

বিরোধীদলের অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিগঞ্জে সংঘর্ষের মধ্যে আওয়ামী লীগের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াত জোট কর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

নিহত কামাল হোসেন (৩০) কালিগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কালিগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূইঞা জানান, বুধবার বেলা পৌনে ২টার দিকে কালিগঞ্জের চুপাইর এলাকায় মিছিল বের করে বিএনপি-জামায়াত কর্মীরা। ওই সময় আওয়ামী লীগের একটি অবরোধবিরোধী মিছিল ওই এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

“এ সময় অবরোধকারীরা ধারাল অস্ত্র দিয়ে কামালকে এলোপাতাড়ি কোপায়। আহত অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।”

পুলিশ জানায়, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ভুইয়া জনান, নিহত কামালের বাড়ি জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে।