অবরোধকারীদের হামলায় প্রাণ গেল টেম্পো চালকের
চট্টগ্রামের পটিয়ায় অবরোধকারীদের হামলায় এক টেম্পো চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার এ জে চৌধুরী কলেজ বাজারের কাঁছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ এরশাদ আলী (২৫) পটিয়া উপজেলার বরিয়া গ্রামের তৈয়ব কোম্পানির ছেলে।
এরশাদের ছোট ভাই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাই সকালে টেম্পো নিয়ে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে যান। সেখান থেকে ফেরার পথে কলেজ বাজারের অদূরে পিকেটাররা তার টেম্পোতে হামলা চালায় এবং মারধর করে।
এক পর্যায়ে টেম্পোটি উল্টে যায় এবং তার নিচে চাপা পড়ে আহত হন এরশাদ।
“হাসপাতালে আনার পথে আমাকে পুরো ঘটনা বলেছে ভাই।”
গত ২৭ অক্টোবর চট্টগ্রামের সাতাকনিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গভীর রাতে হরতাল চলাকালে পিকেটারদের ছোড়া ইটে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছিল।
১০ নভেম্বর হরতাল চলাকালে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মদুনাঘাটের নেয়ামত আলী সড়কে পিকেটারদের ধাওয়ায় টেম্পা উল্টে মারা যান একটি বেসরকারি হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী।
