হাতবোমায় সাংবাদিক আহত
বিরোধী দলের অবরোধের মধ্যে রাজধানীতে হাতবোমায় আহত হয়েছেন এক সাংবাদিক।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত ওই সাংবাদিক হলেন অনলাইন সংবাদপত্র বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমকের সাজেদা সুইটি।
তার ডান পায়ে তিনটি ও বাম পায়ে দুটি স্প্লিন্টার বিদ্ধ হয়েছে বলে ওই সংবাদপত্রটির ডেপুটি চিফ রিপোর্টার আদিত্য আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
এদিকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অন্তত তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সন্ধ্যা পৌনে ৬টায় দক্ষিণ বনশ্রী এলাকার কয়েকজন যুবক একটি লেগুনাকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে চালক মোজাম্মেল হক (১৯) দগ্ধ হন।
একই সময়ে মৌচাকে দুর্বৃত্তরা একটি অটোরিকশাকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে চালক নিজাম উদ্দীন (৩৮) এর শরীর প্রায় ১২ ভাগ পুড়ে যায়।
এছাড়াও বিকাল সাড়ে ৩টার দিকে মালিবাগের তিলপাপাড়া এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে বিস্ফোরিত হাতবোমায় আনোয়ারা বেগম (৪০) নামের এক নারী আহত হন।
আনোয়ারা মালিবাগের ন্যাশনাল ব্যাংকে বাবুর্চির কাজ করেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।
