লালমনিরহাট থেকে ট্রেন চলাচল শুরু
লালমনিরহাটের একটি রেল স্টেশনে অবরোধকারীদের ভাংচুরের কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল রাতে শুরু হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে লালমনি এক্সপ্রেস লালমনিরহাট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান জেলা রেলওয়ের চিফ কন্ট্রোলার মো. শহীদুল্লাহ।
রাত ৮টার দিকে অবরোধকারীরা রেল লাইন ছেড়ে চলে যাওয়ার পর ট্রেন ছেড়ে যায় বলে তিনি জানান।
অবরোধের প্রথমদিন সকাল ৭টার দিকে শহরের মহেন্দ্রনগর রেল স্টেশনে ভাংচুর চালায় বিএনপি-জামায়াতের কর্মীরা। এরপর সেখানে সব ধরনের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার তপন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অবরোধকারীরা স্টেশনে এসে দরজা-জানালা ভাংচুর করে এবং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ধাওয়া খেয়ে অবরোধকারীরা লালমনিরহাট স্টেশন থেকে আনুমানিক ২০০ গজ দূরে গিয়ে লাইনে অবস্থান নেয়।
অবরোধকারীরা লাইনে অবস্থান নেয়ায় সকাল ৭টা থেকে সদরের তিস্তা রেলওয়ে স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আটকে থাকে।
