সিরাজগঞ্জে বৃহস্পতিবার হরতাল
অবরোধের প্রথম দিন নিহত এক রাজমিস্ত্রিকে নিজেদের কর্মী দাবি করে বৃহস্পতিবার সিরাজগঞ্জে হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু মঙ্গলবার এই হরতালের ঘোষণা দিয়ে বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।”
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের জগাই মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের সংঘর্ষের মধ্যে নিহত হন সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের সাকমান আলী (৪০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
পরে জেলা বিএনপি দাবি করে, নিহত সাকমান ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুর-কায়েম সবুজকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে অবরোধের সমর্থনে সকাল ১১টার দিকে শাহানগাছা এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে পিকেটিং করে বিএনপি নেতা-কর্মীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, শাহানগাছা থেকে পিকেটিংয়ের সময় সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বাবুকে আটক করেছে পুলিশ।
অতিরিক্তি পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, অবরোধকারীরা সকালে জগাইমোড়ে অবস্থান নিয়ে বেশ কয়েকটি হাতবোমা ফাটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বাই সাইকেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সাকমান আলী টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পাশের পুকুরে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মোক্তার হোসেন জানান, স্থানীয়রা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
সংঘর্ষের সময় আটক বিএনপি নেতা সবুজের বিরুদ্ধে ২০১০ সালের আলোচিত ট্রেন পোড়ানো মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
