২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বিরোধী দলের অবরোধের মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি ও জামায়াত কর্মীরা স্থানীয় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 02:09 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

নিহত মাহামুদুল হাসান বাবু (৩০) দিয়ারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামে; বাবার নাম গোলাম রহমান।

কলারোয়ায় বাবু একটি স্টেশনারি সামগ্রীর দোকানও চালাতেন।

সাতক্ষীরার পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে কলারোয়া সদরে নিজের দোকানে যাওয়ার সময় মির্জাপুর এলাকায় বাবু বিএনপি ও জামায়াত কর্মীদের হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ও বিএনপি কর্মীরা ওই এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করছিলেন। বাবু মোটর সাইকেলে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সামনে পড়ে গেলে অবরোধকারীরা গতিরোধ করে প্রথমে তাকে মারধর করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়।

গুরুতর আহত বাবুকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ সুপার জানান।