হান্নান শাহ গ্রেপ্তার
তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি দুই দিনের অবরোধ ঘোষণার মধ্যেই দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৯টার দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এই সেনা কর্মকর্তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে উপ কমিশনার জানান।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং প্রধান দুই রাজনৈতিক দলকে সমঝোতায় আসার আহ্বান জানান।
তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়ার হুমকি দিয়ে আসা বিএনপির এর ঘণ্টাখানেক পর দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
এরই মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজির খবর পাওয়া যায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যলয়ে সংবাদ সম্মেলন করে অবরোধের ঘোষণা দিচ্ছিলেন, ওই সময়ই বারিধারায় গ্রেপ্তার হন হান্নান শাহ।
তবে ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
এর আগে গত ৮ নভেম্বর বিএনপি ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ তাদের হরতালের দুই মামলায় রিমান্ডে পেলেও পরে হাই কোর্ট তা স্থগিত করে।
এই পাঁচ জনের জামিন আবেদনের বিষয়ে আগামী ২৮ নভেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।
