২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বিএনপি নেতার জামিন শুনানি ফের ২৮ নভেম্বর

জামিন পাবেন কিনা- তা জানতে ২৮ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার আরো শুনানির জন্য এই দিন ঠিক করে দেন।

এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন তাদের আইনজীবীরা।

আদালতের আদেশে বলা হয়, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা ২৪ নভেম্বর এই পাঁচ আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করবেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ২৮ নভেম্বর আবারো জামিন আবেদনের শুনানি হবে।

নির্দলীয় সরকারের অধীনে আন্দেলনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর এই বিএনপি নেতাদের আটক করা হয়।

পরদিন আদালতে হাজির করে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ দুই মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডে চাইলে গত ১৪ নভেম্বর মহানগর হাকিম আদালত আসামিদের জামিন নাকচ করে এক মামলায় তিন দিন ও অন্য মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর দুই দিন পর বিএনপি নেতারা রিমান্ড স্থগিতের জন্য হাই কোর্টে গেলে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ রোববার তা মঞ্জুর করে।

আদেশে হাই কোর্ট বলে, পাঁচ বিএনপি নেতার রিমান্ড স্থগিত রেখে তাৎক্ষণিকভাবে তাদের কারাগারে পাঠাতে হবে। পুলিশ প্রয়োজনে কারা ফটকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

একইসঙ্গে বিচারিক আদালতে রিমান্ড মঞ্জুরের আদেশটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করে হাই কোর্ট। 

এরপর গত ১৮ নভেম্বর বিএনপির এই পাঁচ নেতার পক্ষে জজ আদালতে জামিনের আবেদন করা হলে বৃহস্পতিবার শুনানির দিন রাখা হয়।  

পুরনো খবর:

বিএনপির ৫ নেতার জামিন আবেদন