বিএনপির ৫ নেতার জামিন আবেদন
হাই কোর্ট থেকে রিমান্ড স্থগিতের আদেশ পেয়ে এবার জজ আদালতে জামিনের আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে তাদের আইনজীবী সানউল্লাহ মিয়া সোমবার সকালে মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করেন।
বিএনপি নেতাদের আরেক আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে।”
নির্দলীয় সরকারের অধীনে আন্দেলনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর এই বিএনপি নেতাদের আটক করা হয়।
পরদিন আদালতে হাজির করে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ দুই মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডে চাইলে বৃহস্পতিবার মহানগর হাকিম আদালত আসামিদের জামিন নাকচ করে এক মামলায় তিন দিন ও অন্য মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর দুই দিন পর বিএনপি নেতারা রিমান্ড স্থগিতের জন্য হাই কোর্টে গেলে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ রোববার তা মঞ্জুর করে।
আদেশে আদালত বলে, পাঁচ বিএনপি নেতার রিমান্ড স্থগিত রেখে তাৎক্ষণিকভাবে তাদের কারাগারে পাঠাতে হবে। পুলিশ প্রয়োজনে কারা ফটকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।
একইসঙ্গে বিচারিক আদালতে রিমান্ড মঞ্জুরের আদেশটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে আদালত।
