বিএনপির ৫ নেতার রিমান্ড স্থগিত
পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতার রিমান্ড স্থগিত করেছে হাই কোর্ট।
বিএনপি নেতাদের আবেদনের শুনানি করে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
আদেশে আদালত বলেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠাতে হবে। পুলিশ প্রয়োজনে কারা ফটকে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।
একইসঙ্গে বিচারিক আদালতে রিমান্ড মঞ্জুরের আদেশটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী।
আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মামুন।
এজে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, “পুলিশ বলছে, হামলা, গাড়ি ভাংচুর ও বিস্ফোরণে জড়িত থাকায় তাদের (বিএনপির ৫ নেতা) গ্রেপ্তার করা হয়েছে। আবার বলছে, তথ্য পেতে তাদেরকে রিমান্ডে নেয়া প্রয়োজন। তথ্য থাকলে রিমান্ড কেন? তথ্য না থাকলে গ্রেপ্তার কেন?”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আসামিরা কে কতো বড়-এটা মামলায় বিবেচনার বিষয় নয়। এখানে যে ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেটাকে বিবেচনায় নিতে হবে। এই বিষয়টি বিচারাধীন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
নির্দলীয় সরকারের অধীনে আন্দেলনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর বিএনপি নেতাদের আটক করা হয়।
পরদিন আদালতে হাজির করে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওইদিনই পাঁচ আসামিকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শুনানি পিছিয়ে যায়।
বৃহস্পতিবার শুনানি শেষে আসামিদের জামিন নাকচ করে এক মামলায় তিন দিন ও অন্য মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
‘আদালত কক্ষে হৈ চৈ’
রিমান্ড স্থগিতের আবেদনের শুনানি চলাকালে আদালতে রাষ্ট্রপক্ষ ও বিএনপি নেতাদের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হৈ চৈ হয়। পরে আদালত আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকিদের আদালত কক্ষ থেকে বের করে দেন। গেইটে অবস্থান নেয় পোশাকধারী পুলিশ।
দুই পক্ষের আইনজীবীদের হৈ চৈ এ আদালতে থাকা অনেক বিচারপ্রার্থীও শোরগোল শুরু করেন।
শুনানির এক পর্যায়ে এজে মোহাম্মদ আলী বলেন, “মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিকেও রিমান্ডে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা হাস্যকর।”
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “প্রতিদিন হরতাল করা হচ্ছে। হরতালের নামে নৈরাজ্য সৃস্টি করা হচ্ছে। বোমা মেরে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে মানুষ হত্যা করা হচ্ছে।”
এজে মোহাম্মদ আলী এ সময় বলেন, “আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন হোটেল শেরাটনের সামনে বাসে গান পাউডার দিয়ে মানুষ মারা হয়েছিল।”
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা এ মামলায় অপ্রাসঙ্গিক বিষয়। এটা নিয়ে সিরিয়াস আপত্তি আছে।”
এ সময় মোহাম্মদ আলী বলেন, “আপনি চুপ থাকুন।”
এ বক্তব্যকে কেন্দ্র করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও এজে মোহাম্মদ আলীর মধ্যে কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে।
এক পর্যায়ে এজে মোহাম্মদ আলী বলেন, ‘গার্বেজ’। জবাবে মমতাজ উদ্দিন ফকির বলেন, ‘রাবিশ’।
