সহপাঠীর শ্লীলতাহানি, থানায় মামলা
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সহপাঠীর বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রীর মা।
রোববার রাতে পাথরঘাটা থানায় করা এই মামলায় আসামি করা হয় কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুন্না শিকদারকে। মুন্না উপজেলার কালিপুর গ্রামের মোয়জ্জেম শিকদারের ছেলে।
পাথরঘাটা থানার ওসি মো. নূরুল হক জানান, রাত থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার নথি থেকে জানা যায়, মুন্না নবম শ্রেণির ওই মেয়েটি সম্পর্কে অশ্লীল মন্তব্য করলে মেয়েটি প্রতিবাদ করেছিল।
এর জেরে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের বারান্দায় মুন্না সবার সামনে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে।
অভিযুক্ত মুন্না বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজানুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য শফিক শিকদারের ভাতিজা হওয়ায় বিচার নিয়ে টালবাহানা চলছিল।
তিনদিন পর রোববার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সালিশ বৈঠক ডাকে এবং শাস্তি হিসেবে মুন্নাকে ৩টি বেত্রাঘাত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে নির্যাতিত শিক্ষার্থীর সহপাঠী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
বিচার বিষয়ে ছাত্রীর মা-বাবা বলেন, তারা গরীব বলে বিচার পাননি। এছাড়া তাদের বিভিন্নভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছে।
