২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ, অগ্নিসংযোগ

টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষের পর বিভিন্ন দাবিতে গাজীপুরের কাশিমপুরে আবার পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার বিকালে নয়াপাড়া এলাকায় এ সংঘর্ষ চলাকালে শ্রমিকরা পুলিশের একটি পিক-আপে অগ্নিসংযোগ করেছে। পুলিশের লাঠিপেটায় অন্তত ৩০ শ্রমিক আহত হয়।

এ ঘটনার পর স্থানীয় মুনটেক্স ও আলীম নিট ওয়্যারসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আ স ম সামসুর রহমান জানান, স্থানীয় ঝুট ব্যবসায়ীদের ইন্ধনে নয়াপাড়া এলাকার আলিম সোয়েটার কারখানার শ্রমিকরা বেতন সমন্বয়ের দাবি তুলে বেলা পৌনে ৩টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।

পরে তারা পার্শ্ববর্তী মন্ডল গ্রুপের মুনটেক্স কারখানার শ্রমিকদেরও নেমে আসার আহ্বান জানায়। তাদের ডাকে সাড়া না দেয়ায় এক পর্যায়ে ওই শ্রমিকরা মন্ডল গ্রুপের ভেতরে প্রবেশ করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শিল্পাঞ্চল পুলিশের একটি পিক-আপে আগুন ধরিয়ে দেয়।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

পরে পুলিশ লাঠিপেটা করে এবং টিয়ার সেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, স্থানীয় কয়েকজন ঝুট ব্যবসায়ীর সঙ্গে আলীম সোয়েটার কর্তৃপক্ষের বিরোদের জেরে তারা কিছু শ্রমিককে এ ব্যাপারে ইন্ধন দেয়।

চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, বেতন-ভাতা তথা মালের পিসরেট বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শ্রমিক অসন্তোষের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৮ নভেম্বর দুই শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হয়। এছাড়া  কোনাবাড়ি এলাকায় অর্ধশত দোকান ও বাড়ি পুড়ে দিয়েছিল শ্রমিকরা।