২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী, পরীক্ষা শুরু দেড়ঘণ্টা পর

প্রশ্নপত্র কম থাকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৭টি কেন্দ্রে নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর ইংরেজি পরীক্ষা শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. আসাদুজ্জামান কবীর বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও আসাদুজ্জামান কবীর সাংবাদিকদের জানান, ভাঙ্গা থানায় রাখা ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের বাক্সটি শনিবার হয়ে যাওয়া জেএসসি পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে ভুলক্রমে ঢাকায় বোর্ড অফিসে পাঠিয়ে দেয়া হয়।

পরে ফরিদপুর থেকে প্রশ্নপত্র এনে ফটোকপি করে দেড়ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা নেয়া শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল ১১টায়।

এ ঘটনা তদন্তে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুর রশীদকে প্রধান করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা মো.কামরুজ্জামানকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ইংরেজি বিষয়ের পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার।

তদন্ত কমিটির প্রধান এডিএম মো. আব্দুর রশীদ জানান, তদন্ত শেষ হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসকের কাছে সোমবার প্রতিবেদন জমা দেয়া হবে।

প্রতিবেদনে দায়িত্বে অবহেলা করায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।