গাজীপুরে শ্রমিক খুন
গাজীপুর সদর উপজেলায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার এসআই জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৯টার দিকে জয়নাল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
রোববার সকালে এলাকাবাসী স্থানীয় ভাওয়াল বদরে আলম কলেজের পেছনে দিঘীরচালা এলাকায় ধান ক্ষেতে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল পাঠায়।
নিহতের বুকে, হাতে, মুখেসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জয়নাল জেলার ইটাহাটা এলাকায় স্থানীয় বিএনপি নেতা বশির আহমেদের বাড়িতে ভাড়া থাকতেন। পাশের নাওজোর এলাকায় দিগন্ত স্যুয়েটার কারখানায় নিটিং সুপারভাইজার ছিলেন তিনি।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
