২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চলছে ঢিলেঢালা হরতাল

সকালে বিক্ষিপ্ত বোমাবাজি ও ভাংচুরের ঘটনা ঘটলেও চট্টগ্রামে জামায়াত ইসলামীর হরতাল চলছে ঢিলেঢালাভাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার বন্দরনগরীর প্রধান সড়কগুলোতে হরতালের খুব একটা প্রভাব চোখে পড়েনি। সকালে রস্তায় গণ পরিবহন ও ব্যক্তিগত গাড়ি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে নগরীর ষোলশহর বেবি সুপুর মার্কেট এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে একটি টেম্পোতে অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির কর্মীরা।

তবে স্থানীয়াই তা দ্রুত নিভিয়ে ফেলে বলে জানান তিনি।

সকাল ৯টার দিকে বালুছড়া এলাকায় কয়েকজন যুবক মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তারা কয়েকটি হাতবোমা ফাটায় বলে এডিসি শহিদুল্লাহ জানান।

এদিকে শিবিরের নাশকতার জন্য গত কিছুদিন ধরে আলোচনায় থাকা সাতকানিয়া উপজেলায় এদিন জামায়াত-শিবির কর্মদের তেমন কোনো তৎপরাতা দেখা যায়নি বলে স্থানীয় সাংবাদিকরা জানান।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি, সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কোথাও পিকেটিংয়ের কোনো খবর তারা পাননি।

নগর পুলিশের এডিসি (সদর) শহীদ আবু সরোয়ার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল ৮টা থেকেই তারা টহলে রয়েছেন।

নগরীর কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি বলে জানান তিনি।

সকালে নগরীর দেওয়ান বাজার এলাকায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নগর কার্যালয়ে কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি। দুটি অফিসেই প্রধান ফটকে তালা দেখা যায়।

সীতাকুণ্ড ও মিরসরাইয়ে দুইনেতা-কর্মী নিহত হওয়ায় চট্টগ্রাম জেলায় এই হরতাল করছে জামায়াতে ইসলামী।