ফাঁড়ির পাশের বাসায় দিনে-দুপুরে চুরি
চট্টগ্রাম নগরীতে একটি পুলিশ ফাঁড়ির পাশের ভবনের একটি বাসায় দিনের বেলায় তালা ভেঙে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর নন্দনকানন ৩ নম্বর গলির একটি তিন তলা ভবনের নিচ তলায় চুরির ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ওই ভবনের পাশেই এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুয়েল বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে তার মা বাসায় তালা লাগিয়ে বাইরে যান। দুপুর ১টার দিকে ফিরে এসে ঘরের তালা খোলা এবং আসবাবপত্র এলোমেলো পড়ে থাকতে দেখেন।
“দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে নগদ এক লাখ ৬৭ হাজার টাকা, ১০ থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ও ক্যামেরা নিয়ে গেছে।”
ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানার এসআই কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোরদের ধরতে চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
