ফতুল্লায় মাদ্রাসাছাত্র অপহৃত, মুক্তিপণ দাবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে এক দুর্বৃত্ত।
শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার মুসলিমনগরের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি আবু রায়হান (৭)।
রায়হান ওই এলাকার সারোয়ার মোল্লার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রায়হানের খালা জাহেদা বেগমকে (৩৫) পুলিশ আটক করেছে।
শনিবার সন্ধ্যায় রায়হানের বাবা সারোয়ার মোল্লা জানান, তাদের বাড়িতে থাকা আকাশ নামের এক যুবক রায়হানকে কৌশলে অপহরণ করেছে।
সারোয়ারের স্ত্রী খোরশেদা বেগমের বড় বোন জাহেদা বেগমের পরিচিত হিসেবে তাদের বাড়িতে থাকত আকাশ।
শুক্রবার সন্ধ্যায় চুল কাটাতে নিয়ে যাওয়ার কথা বলে রায়হানকে নিয়ে বের হয় আকাশ। এরপর থেকে রায়হান নিখোঁজ।
সারোয়ার মোল্লা জানান, আকাশ মোবাইল ফোনের মাধ্যমে তার কাছে রায়হানের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেছে।
না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, ছেলেটিকে উদ্ধারের লক্ষ্যে একাধিক টিম কাজ করছে। কয়েকটি জায়গায় তারা অভিযানও চালিয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।
