২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর মেডিকেলে ক্লাস শুরু জানুয়ারিতে

আগামী ১ জানুয়ারি গাজীপুর মেডিকেল কলেজে ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজ উদ্দিন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 08:49 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

শনিবার বিকালে গাজীপুর সার্কিট হাউজে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এর আগে গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক গাজীপুর এসে বলেছিলেন নভেম্বরের মধ্যেই ভর্তির কাজ শেষ করে ক্লাস শুরু হবে।

এমএম নিয়াজ উদ্দিন জানান, ইতোমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক মো. গোলাম কিবরিয়া খানকে কলেজের অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষক নিয়োগসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমও চলছে দ্রুত গতিতে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. শাহ আলম শরীফ জানান, আপাতত গাজীপুর সদর হাসপাতলের নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। নতুন চারতলা ভবনের নিচতলায় বহির্বিভাগ, দোতলা ও তৃতীয় তলায় শ্রেণিকক্ষ ও অধ্যক্ষের কার্যালয় স্থাপন করা হবে এবং চতুর্থ তলায় থাকবে ছাত্রীদের হোস্টেল। ছাত্রদের জন্য আপাতত বাইরে হোস্টেল ভাড়া নেয়া হবে।

ইতোপূর্বে সারাদেশে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রমানুয়ায়ী ৫০ জনকে বাছাই করা হবে এ নতুন মেডিকেল কলেজে ভর্তির জন্য।

নভেম্বরেই ভর্তি শেষ করে ক্লাশ শুরুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বলেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সদর হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতালে রূপান্তরের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর জন্য জমি অধিগ্রহণসহ ৯৮ কোটি টাকা বরাদ্দও দেয়া হয়। পাশাপাশি ট্রমা সেন্টারও স্থাপন করার কথা রয়েছে।

৫০০শয্যার হাসপাতালের কলেবর বাড়ানোসহ  চিকিৎসক ও কর্মচারীদের আবাসনের জন্য ছয় একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আর মেডিকেল কলেজের জন্য আরো জমি অধিগ্রহণ, জনবল নিয়োগ, আসবাবপত্র কেনা হবে।

মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ আকম মোজাম্মেল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইয়ুবুর রহমান খান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক মোদাচ্ছের আলী গাজীপুর মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইয়ুবুর রহমান খান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শাহ আলম শরীফ প্রমুখ।