জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৮
ভর্তি পরীক্ষায় মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর সংগ্রহের চেষ্টার জন্য আট পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর ১৮টি কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, পরীক্ষায় অসদুপায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শফিকুল ইসলাম ও সৈয়দ সৈকত হোসেনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া ঢাকা কলেজ থেকে ফাহমিদা ও সাদিয়া, ঢাকা সিটি কলেজ থেকে সুমন কুমার মণ্ডল এবং টিচার্স ট্রেনিং কলেজ থেকে ফরহাদ কবির ও যায়েদকে আটক করা হয়েছে।
এই পাঁচজনকে নিউ মার্কেট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
শেখ বোরহান উদ্দিন কলেজ কেন্দ্র থেকে আটক অপর পরীক্ষার্থী রোমানুল ইসলামকে বংশাল থানায় সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আটকরা সবাই পরীক্ষা চলার সময় মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস চালাচালি করে বাইরে থেকে উত্তর সংগ্রহের চেষ্টা করেন।
আটক পরীক্ষার্থী সৈয়দ সৈকত হোসেন সাংবাদিকদের বলেছেন, ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির লাখ টাকার বিনিময়ে উত্তরপত্র এসএমএসের মাধ্যমে মোবাইলে পাঠিয়েছেন।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন,মফিজুল ইসলাম শিশির ভর্তি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তবে জালিয়াতিতে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে মফিজুল ইসলাম শিশির বিডিনিউজ টোয়ান্টিফোর ডট কমকে বলেন,“এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন শিশির।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ৭৯০টি আসনের বিপরীতে এবার ৪৪ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী ভর্তির আবেদন করেন।
