‘অরাজকতা করলে প্রতিহত করা হবে’
সামনের দিনগুলোতে হরতালের নামে জ্বালাও-পোড়াও এবং বিশৃঙ্খলা করলে দেশের মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
শুক্রবার বিকালে সিলেট সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বিরোধী দলের ব্যাপারে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং ক্ষমতায় না আসতে পারলে যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে বাধাগ্রস্ত করা যাবে না।
মূলতঃ এদের বাঁচাতেই ১৮ দলীয় জোট পরিকল্পিতভাবে দেশে অরাজকতা করছে বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।’
কিন্তু দেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বসে থাকবে না। সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা এদের প্রতিহত করবে, বলেন টুকু।
জনগণ ভোট দিতে চায়, অরাজক কর্মসূচি দিয়ে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করলে জনগণই তাদের বাধা দেবে-প্রতিরোধ করবে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকারের মাধমেই ক্ষমতা হস্তান্তর হবে, উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ প্রক্রিয়াকে বলবৎ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে হলেও কাজ করবে।
বিকালে সার্কিট হাউসে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে এই প্রতিমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন।
