২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তিতে এসএমএসে উত্তর সংগ্রহ, আটক ১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মোবাইলে এসএমএসে উত্তর সংগ্রহের চেষ্টার অভিযোগে ১৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 01:08 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৭৭টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, মোবাইল নেয়া নিষিদ্ধ সত্ত্বেও এরা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং তা দিয়ে জালিয়াতির চেষ্টা করে।

“তারা মোবাইলে এসএমএস চালাচালি করে বাইরে থেকে উত্তর সংগ্রহ করার চেষ্টা করছিল,” বলেন তিনি।

আটকদের মধ্যে ১২ জনকে শাহবাগ থানায় এবং বাকি দুজনকে রমনা ও মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান প্রক্টর।

শাহবাগ থানায় আটকরা হলেন- ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্র থেকে বাসেতুল হাসান, শেখ বোরহান উদ্দিন কলেজ কেন্দ্র থেকে রাকেশ ভৌমিক ও সাদিয়া সুলতানা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের জুয়েল রানা, ঢাকা সিটি কলেজ কেন্দ্র থেকে রেজাউর রহমান রাজিব, ঢাবির মোকাররম ভবন কেন্দ্র থেকে সাইফুল ইসলাম, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র থেকে মো. মেহেদী হাসান, টিচার্স ট্রেইনিং কলেজ থেকে ফাহমিদা জামান জুই, আতিকুর রহমান, অপু চন্দ্র শীল গোলাম শাহরিয়ার  ও শুভ এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের অমৃত সরকার।

এছাড়া মোহাম্মদপুর স্কুল কেন্দ্র থেকে আটক মোজাম্মেল হক মোল্লাকে মোহাম্মদপুর থানায় এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে আটক এএস রাব্বী পাঠানকে রমনা থানায় সোপর্দ করা হয়েছে।

এবার ‘ক’ ইউনিটের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য মোট ৭১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে এক হাজার ৬১৮ জন ভর্তির সুযোগ পাবেন।

এর আগে গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। সেদিনও এসএমএসের মাধ্যমে উত্তর সংগ্রহের চেষ্টা করতে গিয়ে এক শিক্ষার্থী আটক হন।