বেতন না পেয়ে গাজীপুরে কারখানা ভাংচুর, সড়ক অবরোধ
অক্টোবর মাসের বকেয়া বেতন না পেয়ে গাজীপুরের শ্রীপুরে একটি প্যাকেজিং কারখানায় ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এসময় তারা টায়ারে আগুন দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুরে মিরাকেল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ এলাকায় এঘটনা ঘটে।
সন্ধ্যা ৬টা থেকে পৌনে একঘণ্টা পর্যন্ত অবরোধ চলায় মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।
শ্রীপুর থানার এসআই রোকন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌনে ৭টার দিকে শ্রীপুর থানা, মাওনা হাইওয়ে থানা ও শিল্প পুলিশের সম্মিলিত উপস্থিতি দেখে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে। আধা ঘন্টার মতো সড়কে অবরোধ ছিল।
বিক্ষুব্ধ শ্রমিক জানান, অক্টোবরের শুরুতে ওই কারখানার ১৪৩ জন শ্রমিক পদত্যাগপত্র জমা দিলে সেপ্টেম্বর মাসের বেতন নভেম্বরের ১২ তারিখে পরিশোধ করার কথা জানায় কর্তৃপক্ষ। ওই দিন শ্রমিকেরা বেতন নিতে গেলে তাদেরকে ১৬ নভেম্বর নতুন তারিখ দেয়া হয়। নতুন তারিখেও তাদের বকেয়া পরিশোধ না করে আবার ২০ নভেম্বর তারিখ দেয় কর্তৃপক্ষ। কিন্তু তৃতীয় তারিখেও বেতন পরিশোধ হয়নি।
এর পরদিন বৃহস্পতিবার ওই শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সারাদিন কারখানার সামনে অপেক্ষা করে। সন্ধ্যা ৬টায় বকেয়া বেতন দিতে অপারগতার কথা জানায় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই খবরে শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এতে সড়কের দুদিক থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে গাড়িগুলো থেমে যায়। এতে সড়কের দুই পাশে কমপক্ষে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা এসময় কারখানার মুল ফটক ভেঙে ভেতর ঢুকে দরজা ও জানালার গ্লাস ভাংচুর করে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, পরে পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠকে আগামী বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ। বৈঠকে মিরাকেল ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আমিন উপস্থিত ছিলেন।
এদিকে সকালে টঙ্গীর পাগাড় এলাকায় সার্ফ গার্মেন্টসের শ্রমিকদের একাংশ বিক্ষোভ শুরু করলে ওই কারখানাসহ পাশের অনন্ত ফেব্রিক্স লিমিটেড, হামদিল ফ্যাশন ওয়ার লিমিটেড ও শিশির নিটিং কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে ৯টায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় শ্রমিকরা ইট ছুড়লে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
“এসময় কয়েকজন শ্রমিক আহত হলে তাদেরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।”
