‘খালেদার রাষ্ট্রপতির কাছে যাওয়া নাটক’
রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেত্রীর আলোচনাকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বুধবার তেজগাঁওয়ে এক জনসভায় বক্তব্যে তিনি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্ত হতেও বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় শেখ হাসিনাও ছিলেন।
শেখ সেলিম বলেন, “রাষ্ট্রপতির কাছে যাওয়াও তার একটা নাটক। উনার যদি আলোচনার এতই খায়েস, তবে রাষ্ট্রপতির কাছে যান কেন?
“রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক কাজে কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। আলোচনা চাইলে প্রধানমন্ত্রীকে ফোন করেন।”
মঙ্গলবার খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারি দলকে আলোচনায় রাজি করাতে তার হস্তক্ষেপও চান বিরোধী নেতা।
নির্দলীয় সরকার না হলে বিএনপি আগামী নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে।
শেখ সেলিম বলেন, “আপনি নির্বাচন না করলে রাজনীতি করতে পারবেন না। আপনার দলের লোক অন্য দল থেকে নির্বাচন করবে। আপনি ঠেকাতে পারবেন না।”
