নিজামীর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ও প্রসিকিউশনের জবাব দেয়া শেষ হয়েছে।
এরপর যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৩ নভেম্বর এ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান হিসেবে রেখে আদেশ দেয় বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তবে ওই আদেশটি পুনর্বিবেচনার জন্য গত সোমবার আসামিপক্ষের আইনজীবীরা আবেদন জানালে এ মামলায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পায় তারা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গত রোববার দুই দিন সময় দিয়ে আবেদনটি নিষ্পত্তি করলে এ সুযোগ হয় তাদের।
তবে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখার আদেশটি বহাল রাখা হয়।
বুধবার আসামিপক্ষের যুক্তিতর্কের জবাব দেন প্রসিকিউটর মোহাম্মদ আলী, হায়দার আলী ও তুরিন আফেরোজ।
এরপর আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম আবারো পাল্টা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চাইলে তা নাকচ করে মামলাটির কার্যক্রম শেষ ঘোষণা করে ট্রাইব্যুনাল।
বুধবার আসামিপক্ষের উপস্থাপিত যুক্তিতর্কের জবাবে আইনজীবীরা বলেন, ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী এমন একটি অবস্থানে ছিলেন, যেখান থেকে ছাত্রদের উজ্জীবিত করা যায়। তিনি তা ব্যবহার করে তরুণ-যুবকদের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে উস্কানি দিয়েছিলেন।
তারা আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, অপরাধে উস্কানি দেয়াও একটি মানবতাবিরোধী অপরাধ। তাছাড়া নিজামী দেশের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে মানবতাবিরোধী অপরাধে অংশ নিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন।
এর আগে মঙ্গলবার নিজামীর পক্ষে মামলার আইনি দিকগুলো নিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার আগে অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন শেষ করেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার যুক্তি উপস্থাপনে বলেন, প্রসিকিউশন নিজামীর সাহেবের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে তার একটিও প্রমাণ করতে পারেনি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য। তিনি যদি চারদলীয় জোটের মন্ত্রী না হয়ে ১৪ দলের মন্ত্রী হতেন তাহলে তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠতো না।
এর আগে গত ৩ থেকে ৬ নভেম্বর প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মোহাম্মদ আলী ও ব্যারিস্টার তুরিন আফরোজ তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন। পরে ৭ নভেম্বর থেকে মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার প্রধান আইনজীবী মিজানুল ইসলাম।
এর আগে গত ১০ থেকে ১৩ নভেম্বর বিরোধী দলের চারদিনের হরতালের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হননি আসামিপক্ষের জেষ্ঠ্য আইনজীবীরা। তাদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সময় আবেদন করেন জুনিয়র আইনজীবী মো. আসাদুল্লাহ।
আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম তিনদিনই নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন একদিনের জন্য পিছিয়ে আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।১২ নভেম্বর দেয়া আদেশে আসমিপক্ষের জন্য এটি শেষ সুযোগ বলে উল্লেখ করেছিলো ট্রাইব্যুনাল।
পরে ১৩ নভেম্বরেও আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে হাজির না হলে পাঁচদিনের মধ্যে লিখিত যুক্তিতর্ক দাখিল করার আদেশ দিয়ে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন বিচারকরা।
এর আগে ২৭ অক্টোবর থেকে তিন দিনের হরতালের মধ্যেও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে নিজামীর শেষ সাফাই সাক্ষী ও জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত থাকে। ৩১ অক্টোবর সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।
গত ৬ অক্টোবর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজন সাফাই সাক্ষী হাজির করার অনুমতি দিয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২১ অক্টোবর সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
নিজামীর ছেলে মো. নাজিবুর রহমান ও ওরফে নাজিব মোমেনের আগে নিজামীর পক্ষে সাক্ষ্য দেন আরো তিনজন।এরা হলেন মুক্তিযোদ্ধা কেএম হামিদুর রহমান, মো. শামসুল আলম ও আব্দুস সালাম মুকুল।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় এ অভিযোগ আনা হয়।
এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
