সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে ৩০টি হাতবোমা উদ্ধার
রাজধানীর ডেমরায় সাবেক এক সেনা সদস্যের বাড়ি থেকে ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে হাতবোমা উদ্ধারের পাশাপাশি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর এম এ মতিন (৬৭) এবং তার ছেলে শাহীন (৪০) কে গ্রেপ্তারও করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শাহীন জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য।ওই বাড়িতে দলটির পোস্টার ও পুস্তিকাও পাওয়া গেছে।
বিরোধী দলের সাম্প্রতিক হরতালে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে, তাতে জামায়াতসহ বিরোধী দলের কর্মীরা সম্পৃক্ত বলে পুলিশের দাবি।
পুলিশ কর্মকর্তা খোরশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার পশ্চিম বক্সনগরে মতিনের বাড়িতে অভিযান চালানো হয়।
“বাড়ির দোতলার সিড়ি কোঠায় একটি কার্টনে ককটেলগুলো পাওয়া যায়।”
মতিনের এক ছেলে দেশের বাইরে থাকেন, তিনিও জামায়াতের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।
